নড়াইলে বসতবাড়ি দখল চেষ্টার অভিযোগ

0

 

নড়াইল সংবাদদাতা॥ .নড়াইলের লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামে বসতবাড়ি দখলের অপচেষ্টায় বাধা দেয়ায় পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে লোহাগড়া থানায় জিডি দায়ের করেছেন ভুক্তভোগী পারছাতরা গ্রামের তোরাপ আলী শেখের ছেলে শামিম শেখ। প্রতিপক্ষের হুমকির পর ভুক্তভোগী তোরাপ শেখের পরিবারের সদস্যরা নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগে জানা গেছে,লোহাগড়া উপজেলার পারছাতরা মৌজার ৩৪৩ ও ৩৬৭ দুটি দাগে ওই গ্রামের তোরাপ আলী শেখ পৈত্রিক ও মাতৃসূত্রে জমি পেয়ে দীর্ঘদিন ভোগদখল করে আসছেন।ভোগদখল করা জমির মধ্যে বসতবাড়ির সাড়ে ৮শতক জমি জোরপূর্বক দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তোরাপ আলী শেখের অপর দু’ভাই আরব আলী শেখ ও আতর আলী শেখ। আরব আলী ও আতর আলী ভাইয়ের জমি জোরপূর্বক দখল এবং ভাই ও ভাইয়ের পরিবারের সদস্যদের বাড়িছাড়া করতে নানা ষড়যন্ত্র শুরু করেন। ঘটনার প্রতিকার চেয়ে ২০১৮ সালের ৭ নভেম্বর তোরাপ আলী বাদী হয়ে নড়াইল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ ধারায় মামলা দায়ের করেন।এছাড়া চলতি বছরের ১৬ জুন নালিশি জমিতে শান্তিশৃংখলা ভঙ্গের আশংকায় নড়াইল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় আরও একটি মামলা দায়ের করেন তিনি। তোরাপ আলী এ দুটি মামলায় আরব আলী ও আতর আলীসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনেন। পুলিশ আদালতের আদেশ প্রাপ্ত হয়ে আরব আলী ও আতর আলীকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার জন্য লিখিত নির্দেশ দেয়। আদালতের আদেশ ও পুলিশের নির্দেশনা উপেক্ষা করে আরব আলী ও আতর আলী স্থানীয় এক জনপ্রতিনিধিকে পক্ষে নিয়ে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে খুন-জখম এবং সন্ত্রাসী কর্মকান্ডের ভয় দেখিয়ে আপন ভাই তোরাপ আলী শেখ ও তার চার ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যদের বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের নানা ধরনের অপকৌশল আটতে থাকেন।
এ ব্যাপারে আরব আলী ও আতর আলী বলেন, আমরা আমাদের ভাই তোরাপ আলীর জমি দখলের কোন প্রকার অপচেষ্টা করিনি।ভাই আমাদের ফাঁকি দিয়ে জমি থেকে বঞ্চিত করে ভোগ দখল করছেন। সমাজে আমাদের মান সম্মান ক্ষুণœ করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন,বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।