নড়াইলে নৌকাবাইচ অনুষ্ঠিত

0

 

অশোক কুন্ডু,নড়াইল॥ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে এসএম সুলতান নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল তিনটায় নড়াইল পুরাতন ফেরি ঘাটের শেখ রাসেল সেতুর সামনে এ নৌকা বাইচের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান ও সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু ।
জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রা নদীর পুরাতন ফেরিঘাট থেকে এসএম সুলতান সেতু (চিত্রা ব্রীজ) পর্যন্ত ৩ কিলোমিটার নৌকাবাইচে নারীদের তিনটি ও খুলনা, মাগুরা, গোপালগঞ্জ, রাজবাড়ী, নড়াইল জেলাসহ আশপাশের জেলার পুরুষদের ১৫টি নৌকা অংশগ্রহণ করে।
চিত্রা নদীর দু’ধারে অবস্থিত বিভিন্ন বাসা-বাড়ির ছাদে এবং গাছপালার ডালে বসে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ ও শিশু আকর্ষণীয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। ঐহিত্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আসা হাজারো শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলন মেলায় চিত্রা নদীর দু’পাড় উৎসবের নগরীতে পরিণত হয়।
নৌকা বাইচ চলাকালে শহরে লোকের ভিড়ে তিল ধরণের ঠাঁই ছিল না কোথাও। গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, যশোর, খুলনা এবং নড়াইলের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার সুলতান ভক্তরা প্রতিবছরের মতো এবারও নৌকাবাইচ দেখতে আসেন। ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টা বাজানোর ঝংকার এবং হেইয়্যা হেইয়্যা হর্ষধ্বনির মধ্য দিয়ে নড়াইলের চিত্রানদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন দর্শকরা।
এছাড়া গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত তিন দিন ব্যাপী সুলতান উৎসব উপলক্ষে সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্টক্যাম্প, চিত্রপ্রদর্শনী, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে নড়াইল সুলতান মঞ্চ চত্বরে বসেছে গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের প্রায় ১শ’টি স্টল। শেষদিনে এসব স্টলে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ছিল লক্ষ্যণীয়।