নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

0
নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হচ্ছে।। ছবি: পিএমও
বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও নৌবাহিনীর বিদায়ী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর অফিসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই র‍্যাঙ্ক ব্যাজ পরানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক তথ্যে জানানো হয়, ব্যাজ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন নৌপ্রধানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অন্যদিকে নৌবাহিনীর নবনিযুক্ত প্রধানও বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন।

রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করা এই কর্মকর্তা দেশ-বিদেশে উচ্চতর সামরিক শিক্ষার পাশাপাশি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

প্রায় চার দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, সাবমেরিন কমান্ডার, বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট এবং নৌ সদর দপ্তরে পরিচালক (নৌ অপারেশনস ও নৌ পরিকল্পনা) সহ একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ ও ঘাঁটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে তিনি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনের পাশাপাশি সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রবাসী কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ পারদর্শিতা পদক (এনপিপি) এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।