নেপালে ভয়াবহ বন্যায় ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ, নিহত ১৭

0
নেপালের তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় ২৯১ বিদেশিসহ ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।। ছবি: সংগৃহীত

নেপালে তিব্বত সীমান্তের কাছে সৃষ্ট ভয়াবহ বন্যায় ৩৮৪ জন পর্যটকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার সংঘটিত এই মর্মান্তিক দুর্যোগে নিখোঁজ পর্যটকদের মধ্যে একটি বড় অংশই বিদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে নেপালের পর্যটন বোর্ড। অন্যদিকে, বন্যা পরবর্তী অভিযানে এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করার তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

নেপালের পর্যটন বোর্ডের দেওয়া তথ্য মতে, বিভিন্ন ভ্রমণ সংস্থা ও ট্যুর অপারেটর কোম্পানিগুলোর কাছ থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে বন্যাকবলিত অঞ্চলে ৩৮৪ জন পর্যটক নিখোঁজ থাকার বিষয়টি শনাক্ত করা হয়েছে। নিখোঁজ হওয়া এই পর্যটকদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালের স্থানীয় অধিবাসী।

দুর্গম ও বন্যাকবলিত অঞ্চলগুলোতে আটকা পড়া এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এসব পর্যটকদের দ্রুত অবস্থান শনাক্ত করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ইতোমধ্যে জোর তৎপরতা শুরু করেছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নেপাল পুলিশের পক্ষ থেকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে জানানো হয়েছে, বুধবার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে প্লাবিত হওয়ার পর অন্তত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।