নেতানিয়াহুকে গ্রেপ্তারে নিউইয়র্কের আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মেয়র মামদানি

0
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও নেতানিয়াহুকে গ্রেপ্তারে নিউইয়র্ক সিটির আইনি এখতিয়ার নেই: মেয়র জোহরান মামদানি ।। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউইয়র্ক সিটিতে গ্রেপ্তার করার কোনো স্বাধীন আইনি এখতিয়ার সিটির নেই বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভিডিও বার্তায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ‘ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, নেতানিয়াহু যদি নিউইয়র্কে আসেন, তবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থানীয় প্রশাসন বাস্তবায়ন করতে পারবে কিনা—তা বিদ্যমান আইনি কাঠামোর আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে। তবে আইনি পর্যালোচনায় স্পষ্ট হয়েছে যে, আন্তর্জাতিক এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার একক এখতিয়ার কেবল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের হাতে ন্যস্ত।

আইনি বাধ্যবাধকতা ও সীমাবদ্ধতার বিষয়টি স্পষ্ট করলেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেয়র মামদানি। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, “আমি সমানভাবে একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই—বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা মুক্তভাবে ঘুরে বেড়ানো অন্য যেকোনো যুদ্ধাপরাধীকে নিউইয়র্ক সিটিতে কোনো অবস্থাতেই স্বাগত জানানো হবে না।”

এর আগে মেয়র মামদানি নেতানিয়াহু নিউইয়র্ক সফর করলে তাকে গ্রেপ্তারের সম্ভাবনা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছিলেন। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সফরকালে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হবে না। ট্রাম্পের সেই বক্তব্যের পর আইনি দিক পর্যালোচনার ভিত্তিতে নতুন করে পরিস্থিতি পরিষ্কার করলেন নিউইয়র্কের মেয়র।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক গণহত্যা ও মানবতাবিরোধী যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।