‘নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে যথাসময়ে জানবেন’ – উপদেষ্টা আসিফ মাহমুদ

0
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বুধবার বিকেলে সচিবালয়ে। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে ডাকা সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কোন আসন থেকে বা কোন দল থেকে নির্বাচন করবেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা দেননি।

পদত্যাগের বিষয়ে করা প্রশ্নে তিনি বলেছেন, এই ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যথাসময়ে জানানো হবে। এর আগে সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছিল, তফসিল ঘোষণার আগেই মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন।

আসিফ মাহমুদ ঢাকা থেকে নির্বাচন করবেন, সে ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। গত ৯ নভেম্বর তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। এরপর ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে তাঁর নির্বাচন করার আলোচনা শুরু হয়।

আলোচনা রয়েছে, তিনি বিএনপির সঙ্গে সমঝোতা করে বা দলটি থেকে ভোট করতে চান। তবে বিএনপি ঢাকা-১০ আসনে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজকের সংবাদ সম্মেলনেও আসিফ মাহমুদ তাঁর নির্বাচনী ঠিকানা পরিষ্কার করেননি। তিনি বলেন, “কোথা থেকে নির্বাচন করবেন, কোন দল থেকে করবেন, তা পরের বিশ্লেষণের বিষয়।”