নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন হবে

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে এসব এলাকায় ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিফুল আলম।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে বিজিবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী একটিসহ অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বিজিবি।

আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েনের পর দুই জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে বিজিবির আভিযানিক সাফল্যের তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৫ সালে মহেশপুর ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে ৪১ জন আসামিসহ প্রায় ৩৮ কোটি ২৭ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ সোনা , আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক ইমদাদুর রহমান।