নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

0

স্টাফ রিপোর্টার ॥ প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট ১৩ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখা বিক্ষোভ করেছে।
বুধবার বিকেলে প্রেস ক্লাব যশোরের সামনে থেকে দলটির নেতাকর্মীরা মিছিল বের হয় পরে তা শহর প্রদক্ষিণ করে আইনজীবী মিলনায়তনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জোটের জেলা সমন্বয়ক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটুু। তিনি প্রহসনের নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। সমাবেশ থেকে আগামী ১৭ ডিসেম্বরের নির্বাচনী অফিস অভিমুখী বিক্ষোভ সফল করতে জনগণকে অনুরোধ জানানো হয়।
এর আগে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান, কেন্দ্রীয় নেতা কমরেড নাজিমউদ্দীন, বাসদ মার্কসবাদীর জেলা সমন্বয়ক কমরেড হাচিনুর রহমান, বাসদের জেলা নেতা উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।