‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি’ — যশোরে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

0
যশোর সিভিল সার্জন অফিসের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামল যশোর জেলা প্রশাসন। শনিবার সিভিল সার্জন অফিসের সামনে থেকে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় সিভিল সার্জন অফিস এই কর্মসূচির আয়োজন করে।

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি’ স্লোগানে র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা।

‘মূল উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে’

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু মশা ফুলের টপসহ বিভিন্ন পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে ডিম পাড়ে এবং সেই ডিমের লার্ভা থেকেই মশার উৎপত্তি হয়। তাই মূল উৎপত্তিস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর প্রভাব কমিয়ে আনা সম্ভব। বাড়ির আঙিনা ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

র‍্যালিতে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে জিরো পয়েন্ট চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।