নিজে ভালো থাকব এ চিন্তা নয়, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে : অধ্যাপক নার্গিস বেগম

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, তরুণদের বিপথগামিতা ঠেকাতে তাদেরকে সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। এখন সময় তাদের ভালো কিছু গ্রহণ করার। সে কারণে তরুণদের সামনে সব সময় ভালো কিছু তুলে ধরতে হবে, অন্যথায় তারা ভুল পথে পা বাড়াবে।

শনিবার বিকেলে নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট যশোরের ২০২৬ সালের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আরএন রোড ক্রীড়াচক্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, সমাজকে ইতিবাচক ধারায় পাল্টাতে হবে। নিজে ভালো থাকব এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, তাহলে সমাজও ভালো থাকবে। একটা সময় সমাজকে ভালো রাখার জন্য আমাদের সন্তানদের শাসন করার অধিকার সকলের ছিল।

সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের সন্তানদের সামনে ভালো কিছু তুলে ধরতে হবে। নান্নু চৌধুরী যে দৃষ্টান্ত রেখে গেছেন, সেটি আমাদের সকলের জানা। তার মতো দৃষ্টান্ত স্থাপন সমাজকে পাল্টে দিতে পারে।

শিক্ষাবৃত্তির পাশাপাশি এই ট্রাস্টের মাধ্যমে আগামী দিনে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা একা একা কখনো কিছু পরিবর্তন করতে পারব না। সামাজিক বন্ধনের মাধ্যমেই কেবল সমাজ পরিবর্তন করা সম্ভব। আসুন আমরা সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সদস্য সচিব অ্যাডভোকেট শহীদ আনোয়ার। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সদস্য চৌধুরী মাহমুদ রেজা ও গোলাম ফারুক লিটন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএন ক্রীড়াচক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদের, বিশিষ্ট ক্রীড়া সংগঠক খান মোহাম্মদ শফিক রতন, এজাজ উদ্দিন টিপু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষাবৃত্তি কমিটির আহ্বায়ক কাজী আব্দুল বাসেদ বকুল।

অনুষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতকোত্তর (এমএ) শ্রেণি পর্যন্ত মোট ৬৮ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।