শহীদ জিয়া স্মৃতি ফুটবলের প্রথম সেমিফাইনাল: সাডেন ডেথে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর

0
যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সাডেন ডেথের রোমাঞ্চকর লড়াইয়ে বাঁকড়া ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে শংকরপুর ইউনিয়ন।। ছবি: লোকসমাজ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় স্পোর্টস ক্লাবের আয়োজনে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সাডেন ডেথের রোমাঞ্চকর লড়াইয়ে বাঁকড়া ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। খেলা শুরুর প্রথম মিনিটেই বাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় তামিম হোসেন গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে শংকরপুর ইউনিয়নের ১০ নম্বর জার্সিধারী আতিক হাসানের দুর্দান্ত গোলে ম্যাচে সমতা ফেরে।

নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম ৫+৫ শটে দুই দলই ৪-৪ সমতায় থাকায় ফল নির্ধারণের জন্য সাডেন ডেথে যেতে হয়। সেখানে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। ফলে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় তারা।

আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শিমুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ। ওই ম্যাচের বিজয়ী দল ফাইনালে শংকরপুর ইউনিয়নের প্রতিপক্ষ হবে।

ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শংকরপুর ইউনিয়নের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় আতিক হাসান। তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কর কমিশনার ও ঝিকরগাছার ক্রীড়া সংগঠন জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মনজুরুল আলম নিশান।
খেলা পরিচালনা করেন ইব্রাহিম হোসেন। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন ইকরামুল সরদার ইকু, মানিক মিয়া ও মিজানুর রহমান। ম্যাচ কমিশনার ছিলেন আবু হাসান। ধারাভাষ্য দেন মঈন উদ্দিন বাবু, শামিম কবির রনি ও সিরাজুল ইসলাম বাঙালি।

গ্যালারিতে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাবেক ফুটবলার আলিমুল কাদির কিসলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি মিলন, যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সহ-সভাপতি আলহাজ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান মুন্না, ক্রিকেট একাডেমির সভাপতি শাহারুল আলম হ্যাপি, সহ-সভাপতি আহম্মেদ রেজা সজিব, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রহমান রুবেল, ফুটবলার হাসান গাজী ও কামরুল হাসানসহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক।

ম্যাচ শেষে সাবেক খেলোয়াড় শাহাদাৎ হোসেন, আখতারুল ইসলাম রিপন, কৃষ্ণ পাল, মাধব ঘোষ ও ফিরোজ জামান তুলি বলেন, দুই দলই আক্রমণাত্মক ও দর্শকনন্দিত ফুটবল উপহার দিয়েছে। পুরো ম্যাচজুড়ে ছিল তুমুল উত্তেজনা, যা দর্শকদের মুগ্ধ করেছে।