নাভারণ সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত- ১০

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের নাভারন সাতক্ষীরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে যায়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন। একজনের অবস্থা আশঙ্কা জনক। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে, নাভারণ সাতক্ষীরা মহাসড়কের উলাশী কুচেমোড়া যাত্রী ছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে।

বাসযাত্রী হাড়িখালী গ্রামের লিটন হোসেন জানান, সাতক্ষীরা থেকে যশোর গামী বাসটিতে ৩৫ থেকে ৪০ জনের মতো যাত্রী ছিলো। পথে কুচেমোড়া এলাকায় পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হন।

নাভারণ হাসপাতালের ডাক্তার শুভেন্দু বিশ্বাস জানান, ‘আহতদের মধ্যে ২জনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ১জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজামান রোকন জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন। আহতদের উদ্ধার করে নাভারণ হাসপাতালে পাঠানো হয়েছে।