নানা কর্মসূচিতে সাংবাদিক শামছুর রহমান কেবলের মৃত্যুবার্ষিকী পালিত, বিচার না পাওয়ায় ক্ষোভ

0

স্টাফ রিপোর্টার ॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে কালো ব্যাজ ধারণ ও শহীদ সাংবাদিকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোরসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। দীর্ঘ ২৫ বছরেও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় সাংবাদিক নেতারা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।

সকাল ১১টার দিকে সাংবাদিকরা কালো ব্যাচ ধারণ করেন। এরপর সাংবাদিক নেতৃবৃন্দ কারবালা কবরস্থানে শোক র‌্যালি সহকারে যান এবং শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের কবরে নিজ নিজ সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা, শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ভাই ও যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলন প্রমুখ।

পরে প্রেসক্লাবে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোর দোয়ার আয়োজন করে এবং পরে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) স্মরণসভার আয়োজন করে।

প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত জেইউজে’র স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাজেদ রহমান।

বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, ইউসিবি ব্যাংকের প্রাক্তন বিভাগীয় প্রধান ফকির আকতারুল আলম, জেইউজে’র সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গনি খান রিমন, মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির প্রমুখ। সভা পরিচালনা করেন জেইউজে’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।

সাংবাদিক শামছুর রহমান কেবল ২০০০ সালের ১৬ জুলাই রাতে জনকণ্ঠ যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন। আলোচিত ও লোমহর্ষক এই হত্যাকাণ্ডের পর প্রথম পাঁচ বছর মামলার কার্যক্রম চললেও গত ২০ বছর ধরে তা মুখ থুবড়ে পড়ে আছে। আইনি মারপ্যাঁচে মামলাটি উচ্চ আদালতে আটকে আছে।