নরেন্দ্রপুরে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে জখম প্রতিবাদে বিক্ষোভ

0

 

রূপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের নরেন্দ্রপুরে কাপড় ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন-নরেন্দ্রপুর পোস্ট অফিস এলাকার খন্দকার পাড়ার আব্দুল সাত্তার খন্দকারের ছেলে খন্দকার মাসুদ ও খন্দকার মাহমুদুর। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০ টায়।
আহত মাহমুদুর রহমান বলেন, রাতে তারা দুই ভাই রূপদিয়া বাজারে হিরোন সুপার মার্কেটে অবস্থিত মেসার্স মাসুদ গার্মেন্টস বন্ধ করে মোটরসাইকেলে (যশোর ল-১২-২৫৭৫) নরেন্দ্রপুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে জিরাট গ্রামের সরকারি ফুড গোডাউনের পিছনে কবরস্থানের কাছে পৌঁছানো মাত্র ৫/৬ জন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা রক্তাক্ত জখম হন। এসময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত দুই ভাইকে লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. শাহীনুর রহমান সোহাগ জানান, আহত মাসুদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। তবে মাহমুদুর এখন আশঙ্কামুক্ত বলে তিনি জানান। এদিকে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে রূপদিয়া বাজার বণিক সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীরা শনিবার সকাল সকালে বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।