জ্ঞানার্জনের প্রধান চাবিকাঠি বই : অধ্যাপক নার্গিস বেগম

শিক্ষার্থীদের পাঠাগারমুখী করতে যশোর ইনস্টিটিউটের উদ্যোগ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বই পড়ার অভ্যাস মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে, দৃষ্টিভঙ্গিকে উদার করে এবং সঠিক মূল্যবোধ গঠনে সহায়তা করে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

রোববার সকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির আলমগীর সিদ্দিকী হলে শিক্ষার্থীদের মধ্যে বই ও লাইব্রেরি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘পাঠাভ্যাস হোক জ্ঞান অর্জনের ভিত্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি এ কর্মসূচির আয়োজন করে।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই, আর জ্ঞানার্জনের প্রধানতম চাবিকাঠি হলো বই পড়ার অভ্যাস। বর্তমান ডিজিটাল যুগে কোমলমতি শিক্ষার্থীরা ক্রমশ স্ক্রিননির্ভর হয়ে পড়ছে।প্রযুক্তিনির্ভরতার মধ্য থেকেও তাদের আবার বইয়ের পাতায় ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।’

তিনি বলেন, বই শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে। একটি ভালো বই একজন শিক্ষার্থীর চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে।

প্রধান অতিথি আরও বলেন, ‘পাঠ্যবইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধ, সাহিত্য, বিজ্ঞান ও ইতিহাসভিত্তিক বই পড়া প্রতিটি শিক্ষার্থীর মানস গঠনে বড় ভূমিকা রাখে। লাইব্রেরি হলো জ্ঞানের বাতিঘর। শিক্ষার্থীদের হাতে আজ যে লাইব্রেরি কার্ড তুলে দেওয়া হচ্ছে, এটি কেবল একটি কার্ড নয়—এটি বইয়ের বিস্তৃত জগতে প্রবেশের একটি মাধ্যম।’

তিনি শিক্ষার্থীদের নিয়মিত লাইব্রেরিতে গিয়ে বই পড়ার আহ্বান জানিয়ে বলেন, পাঠাভ্যাস গড়ে উঠলে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলাফলই করবে না, বরং তারা যুক্তিবাদী, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাদের জ্ঞানী, দক্ষ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই।’ একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে অভিভাবক ও শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ. জেড. এম. সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন লাইব্রেরি সম্পাদক অধ্যাপক শেখ জুলফিকার আলী।

ছবি: লোকসমাজ।

অনুষ্ঠানে বক্তব্য দেন এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আনাম, ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক এবং মিউনিসিপ্যাল প্রিপারেটরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সবুর খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক শাহাবুদ্দিন সাবু, সদস্য আনিসুজ্জামান পিন্টু, শাহনেওয়াজ লেলীন, হাবিবুর রহমান রুবেল এবং লাইব্রেরি কমিটির সদস্য সাইফুদ্দৌলা বাশারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে যশোর জিলা স্কুল, যশোর কালেক্টরেট স্কুল, এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ, মিউনিসিপ্যাল প্রিপারেটরি মাধ্যমিক বিদ্যালয় ও ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বই ও যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সদস্য কার্ড বিতরণ করা হয়।