নওয়াপাড়ায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ

0
ছবি: লোকসমাজ।

নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের চোরাই সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করেছে এসআরবি।

এ ঘটনায় জাহাজের কয়েকজন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে গম খালাসের সঙ্গে জড়িত মূল হোতাকে দফারফার মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

বুধবার বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এসব গম ও জাহাজ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলার হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়া নৌবন্দরে আসে। পরে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টায় মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্য্যবানু-১১ নামের কার্গো জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন গম এবং জাহাজটি জব্দ করা হয়। জব্দ করা গমের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা।

অভিযানে জাহাজের দুই সুকানিসহ সাতজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ছবি: লোকসমাজ।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্লার ছেলে মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের জলিল হকের ছেলে হাসান ইসলাম।