নওয়াপাড়ায় সরবরাহে অনিয়মের অভিযোগে ১৭৬০ বস্তা সার জব্দ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে সার সরবরাহে অনিয়মের অভিযোগে ৪টি ট্রাকসহ ১৭৬০ বস্তা ডিএপি সার জব্দ করেছে প্রশাসন।

বুধবার রাতে নওয়াপাড়া পৌরসভার চেঙ্গুটিয়া মজুমদারের মিল সংলগ্ন এলাকা থেকে বরিশাল উজিরপুরের তানিয়া এন্টার প্রাইজের ৪শ’৪০ বস্তা, ঝালকাঠি সদরের বিসমিল্লাহ স্টোরের ৪শ’২০বস্তা, চাপাই নবাবগঞ্জ মিরুজ্জির বন্ধন ট্রেডাসের ৪শ’৫০বস্তা ও রাজশাহী দূর্গাপুরের এসএস এন্টার প্রাইজের ৪শ’৫০বস্তা ডিএপি সার ৪টি ট্রাকসহ থানা হেফাজতে নেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।  এসময় সারের ডিও ও প্রয়োজনীয় কাগজপত্র দেখে সন্দেহ হলে সার বোঝায় ট্রাক চারটি থানা হেফাজতে নেওয়া হয়।
জানা যায়, নওয়াপাড়া থেকে সারগুলো বোঝায় করে ঝালকাঠি যাওয়ার কথা ছিল তবে সারগুলো ঝালকাঠি না নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছিল।
কৃষি কর্মকর্তা আরও জানান. যাচাই বাছাই চলছে, অপরাধ প্রমাণীত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘ দিন থেকে বিসিআইসি ডিলার ও একটি চক্র সরকারি বরাদ্দের সার নির্ধারিত এলাকায় না নিয়ে সরকারী মূল্যের চেয়ে প্রতি বস্তায় ৩ থেকে ৪শ’ টাকা বেশি দামে বিক্রি করে আসছে।সেই সার কৃষকরা সরকারি মূল্যে কিনতে না পেরে বেশিদামে কিনে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।