নওগাঁয় ঠেলে পাঠানোর চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তের আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

0
সাপাহার সীমান্তে বিজিবির কঠোর ও সতর্ক অবস্থানের মুখে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, টহল জোরদার ।। ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টায় ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এই চেষ্টা দীর্ঘ ১৯ ঘণ্টা অব্যাহত থাকার পর রাত একটার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের আলো বন্ধ করে ওই ১৭ জনকে ভারতে ফিরিয়ে নিয়ে যান। শনিবার দুপুরে নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

২৩৮/এমপি পিলারে যা ঘটেছে

শুক্রবার সকালে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে শূন্যরেখায় ঠেলে দেওয়ার চেষ্টা শুরু করে বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নেন বিজিবি সদস্যরা। সীমান্তের শূন্যরেখায় সেই ১৭ জনকে ঘিরে দুই বাহিনীর মধ্যে পরিস্থিতি টানটান হয়ে পড়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী কলমুডাঙ্গা গ্রামের ট্রাক্টরচালক মাহবুব আলম বলেন, রাত ১১টার দিকেও বিজিবি সদস্যরা সেখানে ছিলেন। এরপর বিএসএফ সদস্যরা ওই ১৭ জনকে টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যান। তিনি জানান, ওই মানুষগুলো যেতে চাচ্ছিলেন না, কান্নাকাটি করছিলেন।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, রাত একটার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের আলো বন্ধ করে দেন। ঠেলে পাঠানোর চেষ্টায় ব্যর্থ হওয়ার পর ওই ১৭ জনকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। বর্তমানে সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যদের অবস্থানের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও।