ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটকেন্দ্র পাহারার প্রস্তুতি নিন : আবুল হোসেন আজাদ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে পাহারার প্রস্তুতি নিন। জনগণ আর কারচুপির নির্বাচন মেনে নেবে না। সরকার ভোটারদের বিশ্বাস করে না। তাই তারা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। সরকার অবৈধভাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তাঁকে মুক্ত করতে এ উপ-নির্বাচনে অংশ নিয়েছি। এ উপ-নির্বাচন থেকেই শুরু হবে সেই মুক্তির আন্দোলন। বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী আলহাজ আবুল হোসেন আজাদ তার বক্তব্যে এসব কথা বলেন। তিনি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার অনুরোধ জানান।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার মজিদপুর ইউনিয়নের শ্রীরামপুর বাজার, শিকারপুর বাজার, প্রতাপপুর বাজার, শ্রীফলা বাজার, গোলাঘাটা বাজার, কুশুলদিয়া বাজারসহ ওই ইউনিয়নের মজিদপুর গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ প্রমুখ।