ধানের শীষের প্রার্থী শামসুর রহমানের অভিযোগ : নির্বাচনের বাঘারপাড়ায় বোমা সন্ত্রাসের মাধ্যমে ফাঁকা মাঠে নৌকার জয় পেতে মরিয়া আ.লীগ

0

স্টাফ রিপোর্টার ॥ চর দখলের মতো ভোটের মাঠ দখলে মরিয়া হয়ে উঠেছে যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনের নৌকা প্রার্থীর লোকজন। তারা পুরো নির্বাচনী এলাকায় ত্রাস সৃষ্টি করতে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে ধানের শীষের সমর্থকদের বাড়ির আশপাশে বোমাবাজির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে। এর মাধ্যমে ফাঁকা মাঠে নৌকার জয় পেতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী।
শুক্রবার সকালে প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির অহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নির্বাচনী কার্যক্রম শুরুর পর নৌকা প্রতীকের লোকজন ৫ ডিসেম্বরের পর থেকে মাঠ দখলের আলটিমেটাম দিয়ে আসছে। তারা ঘোষণা দেয় ৫ তারিখের পর ভোটের চিত্র বদলে দেয়া হবে। যার আলামত ৪ ডিসেম্বর রাত থেকে শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বোমাবাজি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে তারা। বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে। তিনি আরো অভিযোগ করেন, এর আগে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয় নৌকার প্রার্থীর কর্মীরা তালা লাগিয়ে দেয়। ধানের শীষের একাধিক অফিসে নৌকার পোস্টার টানিয়ে দেয় তারা। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। বেশ কয়েকটি নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। এসব অভিযোগ সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে করা হলেও কোনো প্রতিকার তারা পাননি। উল্টো ওইসব ঘটনায় বিএনপির নেতাকর্মীদের আটক করা হচ্ছে। এমনকি আওয়ামী লীগ ও তার বিদ্রোহী প্রার্থীরা নিজেরা হামলা-পাল্টা হামলা ঘটালেও মামলা হচ্ছে বিএনপি কর্মী সমর্থকদের নামে। পুলিশ এসব মামলার সূত্র ধরে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে। এমন পরিস্থিতি থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করে বিএনপির প্রার্থী শামসুর রহমান বলেন, প্রশাসন কঠোর না হলে নির্বাচনে মানুষের সমর্থনের কোনো প্রতিফলন হবেনা।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট হলে বিএনপি প্রার্থীর নিশ্চিত। কারণ এই উপজেলায় এর আগে দুটি নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছিলেন। পৌরসভার নির্বাচনেও বিজয়ী হন আমাদের প্রার্থী। এটা জেনেই পরিবেশ অশান্ত করে ভোট ডাকাতির মাধ্যমে নৌকা মার্কার প্রার্থী জয়ী হতে চাইছেন। বিএনপি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট চায়। এজন্য প্রশাসনকে নিরপে ভূমিকা পালনের আহবান জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান, কৃষকদল নেতা শওকত হোসেন, যুবদলের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম টিপু, বর্তমান আহবায়ক এখলাছ হোসেন, তিতাস হোসেন মোল্যা প্রমুখ।