দ্বাদশ সংসদ নির্বাচনে, চৌগাছায় কেন্দ্রে এতো ভোট এলো কোথা থেকে এ প্রশ্ন মুখে মুখে

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ এক সপ্তাহ আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা যেন কোনভাবেই শেষ হচ্ছে না। প্রায় ভোটারবিহীন এই ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছে বিরোধী দল। সরকারি দলের একটি বড় অংশ তাদের প্রার্থী পরাজয়ের পর অনেকটাই চুপ। জাতীয় পার্টি বলছে এটি ভোট না, ভোটের নামে হয়েছে তামাশা। সাধারণ ভোটাররা বলছেন ভোট কেন্দ্রে গেলাম না, তারপরও এতো ভোট পড়ল কি ভাবে ?
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মত সীমান্তবর্তী উপজেলা চৌগাছাবাসী অন্য রকম এক নির্বাচন দেখেছেন সেদিন অভিমত অনেকেরই। সারা দিনই ৮১টি কেন্দ্রের মধ্যে হাতে গোনা দু একটি কেন্দ্র ছাড়া অধিকাংশ কেন্দ্র ছিল ভোটার শূন্য। অথচ দিন শেষে ফলাফল প্রকাশে ৪০ শতাংশের ওপর ভোট পড়েছে এমন খবরে হতাশ রাজপথের বিরোধীদলসহ সাধারণ ভোটাররা। সকলের প্রশ্ন ভোট কেন্দ্রে যে পরিমাণ ভোটার গেছে তাতে ১০ শতাংশ ভোট পড়ার কথা না, অথচ এতো ভোট এলো কোথা থেকে ?
পৌর এলাকার বাসিন্দা চঞ্চল কবির বলেন, আওয়ামী লীগকে ভালবাসি তাই ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু এমন ভোট অনেক দিনই দেখেনি। কেন্দ্রে কোন ভোটার পাইনি, কোন ঝামেলা ছাড়া ভোট দিয়ে চলে আসি। কিন্তু বিকেলে শুনি আমার কেন্দ্রে বিপুল ভোট পড়েছে এতো ভোট কিভাবে আসলো বুঝে আসে না। জগদীশপুর গ্রামের একজন তরুণ ভোটার বলেন, ভোট দিতে মনস্থির করি, একপর্যায়ে কেন্দ্রে গিয়ে ভোটার শূন্য দেখে বাড়িতে চলে আসি।
এ দিকে ভোট নিয়ে আওয়ামী লীগের বড় একটি অংশে রয়েছে চরম ক্ষোভ। বিশেষ করে সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনিরের ট্রাক প্রতীকে যারা কাজ করেছেন তাদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ। অনেক কিছুই বলার থাকলেও তারা রয়েছেন চুপচাপ। ভোটের পর হতে এ পর্যন্ত পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকরা যেন নীরব হয়ে গেছেন।
পরাজিত স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মিলন বলেন, ভোট কেমন হয়েছে মন্তব্য করব না, তবে প্রার্থী পরাজয়ে মন খারাপ থাকাটা অস্বাভবিক কিছু না। চুপচাপ আছি এবং সব কিছু পর্যবেক্ষণ করছি। উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়ের কাছে জানতে চাইলে তিনি কিছুটা অসুস্থ আছেন, এ নিয়ে পরে তার মতামত ব্যক্ত করবেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. নাজিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি নির্বাচন হলো নাকি, ভোটার নেই কেন্দ্রে অথচ ৪০ শতাংশের ওপরে ভোটার দেখানো হল। সরকার যে যে আসন টার্গেট করেছে সেই আসন থেকে প্রার্থী বিজয়ী করে নিয়েছে। নিজ দল সম্পর্কে তিনি বলেন, ভুলের কারণে জাতীয় পার্টি বিলুপ্তি হওয়ার শংকা দেখা দিয়েছে। দলটির ভবিষ্যত কি তা বলা মুশকিল।
উপজেলা বিএনপির আহ্বায়ক জহরুল ইসলাম বলেন, ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে চৌগাছাবাসী সরকারকে লাল কার্ড দেখিয়েছে। এ কারণে আমরা ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি। মানুষের মুখের ভাষা বুঝে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন তিনি।