দৌলতপুরে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১

0

দৌলতপুর (কুষ্টিয়া)সংবাদদাতা॥ কুুষ্টিয়ার দৌলতপুরে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে জামাল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা থেকে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। গতকাল রোববার সকালে জামাল মোল্লা মারা যান। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের স্থানীয় দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দিঘোলকান্দি এলাকার মোল্লা গ্রুপের সঙ্গে সরদার গ্রুপের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হন দুই গ্রুপের কয়েকজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে গতকাল ভোর রাতে জামাল মোল্লার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, রাতে বাড়ির সামনে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ হামলায় আহত হয়ে তিনি মারা যান।
জামাল মোল্লার মা রহিমা বেগম জানান, শনিবার রাতে বাড়ির সামনে থেকে তার ছেলের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার ভোর রাতে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। নিহত জামাল মেল্লা দিঘলকান্দি গ্রামের মৃত আজগর মোল্লার ছেলে।
তবে প্রতিপক্ষের লোকজন বলছেন, হামলার ঘটনায় নয়, জামাল মোল্লা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।
দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্থানীয় দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এলাকার দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেন নি। অভিযোগ পেলে আাইননানুগ ব্যবস্থা নেয়া হবে।