দেশে হামের প্রকোপে চার মাসে প্রাণহানি ৮০০ ছুঁই ছুঁই: ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু

0
হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে।। ছবি: সংগৃহীত
দেশে মহামারি আকার ধারণ করা হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যুর মিছিল থামছেই না।
গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।
ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসেরও বেশি সময়ে হাম ও হামের উপসর্গে দেশে মোট ৭৯৭ শিশুর প্রাণহানি ঘটল।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগের তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ জুন হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে ৭০২ জনে পৌঁছেছিল। এর মাত্র ২৬ দিনের মাথায় মৃত্যুর সংখ্যা আটশর কাছাকাছি (৭৯৭ জন) গিয়ে ঠেকল, যা দেশের সার্বিক শিশু স্বাস্থ্য পরিস্থিতির চরম অবনতিকে নির্দেশ করে।

গত ২৪ ঘণ্টায় যে চার শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে সিলেটে দুজন, রাজশাহীতে একজন এবং ময়মনসিংহে একজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার আটটি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর সরাসরি ১৩০ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসেরও বেশি সময়ে মোট ১ লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১৪ হাজার ৭০৮ শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত শিশুদের মধ্যে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ শিশু।