দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটিতে বেনাপোল স্থলবন্দর

0
ছবি: লোকসমাজ।

বেনাপোল (যশোর)সংবাদদাতা॥ দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে।

বন্দর সূত্রে জানা গেছে, ভৌগোলিক অবস্থান ও কলকাতার সঙ্গে স্বল্প দূরত্বের কারণে আমদানিকারকদের কাছে বেনাপোল স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব প্রায় ৮৪ কিলোমিটার। এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে কয়েক’শ ট্রাক পণ্য বাংলাদেশে আসে। বিপরীতে বাংলাদেশ থেকেও পণ্যবাহী ট্রাক ভারতে যায়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অন্যদিকে সাপ্তাহিক ছুটিসহ বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে। ফলে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশেও ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। ২৫ অক্টোবর সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচলে কোনো বাধা থাকবে না। যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন। পূজার সময়ে যাত্রীর চাপ বাড়তে পারে বিবেচনায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসেবা বাড়াতে ইমিগ্রেশন ডেস্কে কর্মকর্তার সংখ্যাও বাড়ানো হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, দুর্গাপূজার ছুটির বিষয়ে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ ও দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছেন।

ছবি: লোকসমাজ।

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কার্যক্রম স্বাভাবিক থাকবে। এ সময়ে পণ্য খালাস শেষে ভারতীয় ট্রাকচালকেরা খালি ট্রাক নিয়ে দেশে ফিরতে পারবেন।

তিনি আরও বলেন, ছুটির মধ্যেও বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ২৫ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।