দুর্গাপূজায় ৫দিন আমদানি রফতানি বন্ধ বেনাপোলে

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা॥ শারদীয় দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই প্রতিবেশী দেশের সাথে আমদানি-রফতানি টানা ৫ দিন বন্ধ থাকছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বুধবার সকালে বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজীব নাজির এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে ভারত থেকে বেনাপোল স্থলবন্দরে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজায় পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ অক্টোবর বুধবার থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকছে। আগামী ১৪ অক্টোবর থেকে আমদানি-রফতানি বাণিজ্য আবার শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঞা বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মজিবুর রহমান বলেন, দুর্গাপূজার ছুটি থাকায় ৯ অক্টোবর সকাল থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি বাণিজ্য পাঁচদিন বন্ধ হলেও রফতানি বাণিজ্য চারদিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন ভারতের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে খালাস প্রক্রিয়া ও কাস্টমসের কাজ চলবে। বন্দরে মালামাল আনলোড করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। ১৪ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে বলে জানান তিনি।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য পরিবহন বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে। পাসপোর্টধারী যাত্রী চলাচলও স্বাভাবিক থাকবে।