দুই ইউনিয়নের চার সড়কের বেহাল দশায় দুর্ভোগ গ্রামবাসীর

0

 

ওসমান গণি. রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা॥ যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ও ঝাঁপা ইউনিয়নের চারটি সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ দিনের এ জনদুর্ভোগ নিরসনে এগিয়ে আসেননি কোন জনপ্রতিনিধি বা সরকারি কোন প্রতিষ্ঠান। গ্রীষ্মের সময় তীব্র খরায় এ সড়ক চারটিতে যেমন ধুলাবালির সৃষ্টি হয়, তেমনি বর্ষার সময় একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে কাঁদায় ভরে যায়। এ সড়ক চারটি দিয়ে প্রতিনিয়তই চলাচল করতে হয় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৫ গ্রামের কয়েক হাজার মানুষকে। এতে করে গ্রীষ্ম ও বর্ষার দুই মৌসুমেই এ চারটি সড়কে চলাচলকারি পথচারিদের চরম দুর্ভোগে পড়তে হয়।  সরজমিনে দেখা যায়, উপজেলার চালুয়াহাটি ইউয়িনের চন্ডিপুর মোড় থেকে রামনাথপুর ও ইচানি গ্রাম হয়ে নেংগুড়াহাট পর্যন্ত ১২ কিলোমিটার ও জলাবদ্ধ ঝাঁপা ইউনিয়নের কোমলপুর বাজার মোড় থেকে বাস্ততলা মাদ্রাসা মোড় ও কোমলপুর মোড় থেকে মল্লিকপুর গ্রাম পর্যন্ত ৮ কিলোমিটার জনপদের এ সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বন্যাকবলিত এ দু’টি ইউনিয়নের গ্রামীন জনপদের এ চারটি সড়ক মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোন উদ্যোগ নেই।
রামনাথপুর গ্রামের ভ্যান চালক নজরুল ইসলাম ও ঝাঁপা ইউনিয়নের কোমলপুর গ্রামের ভ্যান চালক আবুল হোসেন বলেন, বর্ষা ও শুকনো মৌসুমে এ রাস্তাগুলো দিয়ে পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। অথচ দীর্ঘদিন গ্রামীন জনপদের এ রাস্তাগুলো সংস্কার না হওয়ায় যাত্রী নিয়ে দুই মৌসুমেই তাদের এ রাস্তায় চলাচল করতে মারাত্মক অসুবিধা ভোগ করতে হয়। রাস্তার মাঝখানে বড় বড় গর্তসহ এতটাই খারাপ যে অনেক সময় যাত্রী বোঝাই ইঞ্জিন চালিত ভ্যান ভেঙে রাস্তায় পড়ে থাকতে হয়। রামনাথপুর গ্রামের বাসিন্দা মাহবুর রহমান জানান, চন্ডিপুর মোড় হতে ইচানি ও রামনাথপুর হয়ে নেংগুড়াহাট পর্যন্ত রাস্তা এতটাই খারাপ যে অসুস্থ রোগী বা প্রসূতি রোগী হাসপাতালে নিয়ে যেতে মারাত্মক অসুবিধায় পড়তে হয়। শুধুমাত্র রাস্তার কারণে ভ্যানগাড়ি থেকে শুরু করে কোন যানবাহন এ গ্রামে আসতে চায়না। একই কথা বলেন ঝাঁপা ইউনিয়নের বাস্ততলা এলাকার আব্দুস সালাম ও। তাদের দাবি এ রাস্তাগুলো দ্রুত পুনঃনির্মাণসহ সংস্কার করা হোক। চালুয়াহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার ও ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু রাস্তার কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, গ্রামীন জনপদের এ রাস্তাগুলো পুনঃনির্মাণ ও সংস্কারের জন্য এলজিইডিতে প্রকল্প পেশ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত বন্যাকবলিত ইউনিয়ন দু’টির সকল রাস্তাগুলো দ্রুত পুনঃনির্মাণসহ সংস্কার করা হবে।