দিস ইজ অ্যা ক্রিমিনাল অফেন্স, গার্মেন্টস খোলা প্রসঙ্গে ফখরুল

0

লোকসমাজ ডেস্ক॥ করোনার এই মহামারি পরিস্থিতিতে গার্মেন্টস খুলে দেওয়া বা অর্থনীতির চাকা সচল রাখার কথা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দিস ইজ অ্যা ক্রিমিনাল অফেন্স। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই যে ভয়াবহ পরিণতির দিকে সরকার গোটা জাতিকে ঠেলে দিচ্ছে, এটা আসলে ক্ষমাহীন অপরাধ। আমি তো মনে করি যে, দিস ইজ অ্যা ক্রিমিনাল অফেন্স। এটা ভুল নয়, এগুলো হচ্ছে ক্রিমিনাল অফেন্স।’
মির্জা ফখরুল বলেন, ‘এই যে গার্মেন্টসগুলো খুলে দিলো। বাইরের এলাকাগুলো থেকে সব চলে আসলো যারা সংক্রমিত হয়ে চলে গিয়েছিলো আবার সংক্রমিত হয়ে ফেরত আসলো।’ করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত, অসুস্থ, সুস্থ ও মৃত্যুর সরকারি তথ্য-উপাত্ত দেওয়া হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করে তিনি বলেন, ‘ সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। যাদের এতোটুকু দায়িত্ববোধ নেই, যারা চরম দুর্দিনেও জনগণকে সঠিক তথ্য দিচ্ছে না, জনগণকে বিভ্রান্ত করছে। তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে।’ এসময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। এ সময় তিনি রিপোর্টারদের হাতে পিপিই তুলে দেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের পরিচালনায় অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সহসভাপতি রাশেদুল হক বক্তব্য রাখেন।