দামুড়হুদায় মাদকবিরোধী সমাবেশে এক মাদক কারবারীর আত্মসমর্পণ

0
ছবি: সংগৃহীত।

রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদায় অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে একজন মাদক কারবারী আত্মসমর্পণ করেছেন। মাদকমুক্ত সমাজ গড়ুন এ প্রত্যয়ে দামুড়হুদা মডেল থানার জয়রামপুর গ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দামুড়হুদা উপজেলার জয়রামপুর চায়ের দোকান মোড়ে ‘স্থানীয় যুব সমাজ মাদক নির্মূল কমিটি’ এ সমাবেশের আয়োজন করে। সংগঠনের প্রতিনিধি গোলাম সরোয়ার ছোটনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের উপিস্থিতিতে একজন মাদক কারবারী আত্মসমর্পণ করেন। তিনি ভবিষ্যতে মাদক কারবার থেকে সম্পূর্ণ বিরত থেকে সৎ ও স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন। আত্মসমর্পণকারীকে ফুল দিয়ে বরণ করে মাদকমুক্ত জীবনযাপন ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শপথ গ্রহণ করানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, বিএনপির দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন এবং হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন।

প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।