দামুড়হুদায় আটটি সোনার বারসহ পাচারকারী আটক

0
ছবি: সংগৃহীত।

রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে আটটি সোনার বারসহ মিজানুর রহমান (৬১) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্সীপুর সীমান্তের কার্পাসডাঙ্গা বাজারে সন্দেহভাজন মিজানুর রহমানের মোটরসাইকেল থামিয়ে দেহ তল্লাশি করা হয়।

ছবি: সংগৃহীত।

এ সময় তার কোমরে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা।

আটক ব্যক্তিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে উদ্ধার করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি অধিনায়ক জানান।