জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করতে গিয়ে ৯ মাসের শিশুর মৃত্যু

0

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা, লোকসমাজ: ঘুমন্ত অবস্থায় মায়ের দুধ পান করতে গিয়ে শ্বাসনালিতে দুধ আটকে মর্মান্তিকভাবে মারা গেছে ৯ মাস বয়সী শিশু জুনায়েদ হোসেন। মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত জুনায়েদ হোসেন উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মন্ডলপাড়ার জিহাদ হোসেনের ছেলে। মাত্র নয় মাসের শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় জুনায়েদকে দুধ পান করানো হচ্ছিল। একপর্যায়ে দুধ তার শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুটি শ্বাসকষ্টে অস্বাভাবিক হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জুনায়েদের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে শিশুটি মাত্র নয় মাস আগে পরিবারের জীবনে আনন্দের বার্তা নিয়ে এসেছিল, রাতের নিস্তব্ধতায় তার এমন করুণ বিদায় মেনে নিতে পারছেন না স্বজনরা।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, দুধ পান করার সময় শ্বাসনালিতে দুধ আটকে জুনায়েদ নামে এক শিশুর মৃত্যুর খবর তিনি শুনেছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক।