পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

0
পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব পবিত্র স্থানের সুরক্ষায় সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।। ছবি: সংগৃহীত

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর সার্বিক মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব পবিত্র স্থানের নিরাপত্তা বিধান ও সুরক্ষায় সৌদি আরবের সরকার এবং সেদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

একই সাথে বাংলাদেশ জোর দিয়ে উল্লেখ করেছে যে, যেকোনো পরিস্থিতিতে ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সব সময় পূর্ণাঙ্গভাবে সম্মান এবং নিশ্চিত করা অত্যন্ত জরুরি।