দামুড়হুদায় দুটি সোনার বারসহ ইজিবাইকচালক আটক

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকা থেকে দুটি সোনার বারসহ এক ইজিবাইকচালককে আটক করেছে বিজিবি। আটক কাওছার আলী (৪০) উপজেলার মুন্সীপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্যরা দামুড়হুদা সীমান্তবর্তী কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সে সময় ইজিবাইকচালক কাওছার আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে আটক করে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে লুঙ্গির ভাজে স্কচটেপ দিয়ে মোড়ানো ২৩২ গ্রাম ১৯ দশমিক ৮৯ ভরি ওজনের দুটি সোনার বার জব্দ করা হয়।
এ ব্যাপারে হাবিলদার মুন্সী মজিবর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ইজিবাইকচালক কাওছারের বিরুদ্ধে মামলা করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। জব্দ করা সোনার বার দুটি চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা করা হয়েছে।