দর্শনার্থীদের জন্য খুলছে সুন্দরবনের দ্বার

0

বাগেরহাট সংবাদদাতা॥ দীর্ঘ পাঁচমাস পর বুধবার (০১ সেপ্টেম্বর) দর্শনার্থীদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেয়া হচ্ছে। তবে দর্শনার্থীদের বনে প্রবেশ করতে হবে নিয়ম মেনে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ দিকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হওয়া সুন্দরবনের ইকো-টুরিজম কেন্দ্রগুলো ভ্রমণ উপযোগী করতে ব্যস্ত সময় পার করছেন বনরক্ষীরা। জানা গেছে, এ জন্য কিছু নিয়ম বেধে দেয়া হয়েছে। বনে প্রবেশের সময় মানতে হবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। নৌযান থেকে মাত্র ২৫ জন করে গ্রুপে ভাগ হয়ে বনে প্রবেশ করতে হবে। যারা এ সব শর্ত ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে বন বিভাগ। সুন্দরবন প্রবেশে অনুমতি দেয়ায় খুশী ট্যুর অপারেটররা। তারাও নিজেদের মতো প্রস্তুত হচ্ছেন। পর্যটন ব্যবসায়ী দ্য সাউদার্ন ট্যুরস এর স্বত্ত্বাধিকারী মো. মিজানুর রহমান বলেন, করোনার কারণে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায় আমাদের ব্যবসা বন্ধ ছিল। এই খাতে কাজ করা বিপুল জনশক্তি বেকার হয়ে পড়েছিল। মানবেতর জীবন যাপন করেছে তারা। ১ সেপ্টেম্বর সুন্দরবন খুলে দেয়ার খবরে আমরা খুশী হয়েছি। করোনা সংক্রমণ প্রতিরোধে গত ৩ এপ্রিল থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।