দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩৬ ঘণ্টার অবরোধ পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ডাকে ৩৬ ঘণ্টার অবরোধের শেষ দিন ‍বুধবার  যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এ দিন ভোরের আলো ফোটার সাথে সাথে প্রচন্ড শীতকে উপেক্ষা করে সর্বত্র দলীয় নেতা-কর্মীরা সড়ক-মহাসড়কে অবস্থান নেন। দিনভর সেখানে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে সরকার বিরোধী স্লোগান আর মিছিলের মাধ্যমে রাজপথকে প্রকম্পিত করেন।
বর্তমান সরকারের পদত্যাগ, একতরফা প্রহসনের নির্বাচনের তফসিল বাতিলসহ দেশব্যাপী আইন-শৃঙ্খলা-বাহিনীর তান্ডবের প্রতিবাদে ও কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে ৩৬ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
বুধবার কর্মসূচির শেষ দিনে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল জেলা সদরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর জেলা ছাত্রদল জেলা সদরের ধর্মতলাসহ বিভিন্ন সড়কে মিছিল করে। যশোর-ঝিনাইদহ মহাসড়কে যশোর নগর বিএনপির ৪,৬ ও ৬ নম্বর ওয়ার্ড শাখা অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে। এছাড়া যশোর নগর বিএনপির ১,২ ও ৩ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড শাখা অবরোধের সমর্থনে শহরের বিভিন্ন সড়কে পৃথকভাবে অবস্থান নিয়ে মিছিল করে। যশোর-নড়াইল সড়কে যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল, বেনাপোল পৌর সদরে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল, কেশবপুর-খুলনা সড়কে কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে মিছিল করে।
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা জেলা সদরের বিভিন্ন সড়কে অবরোধের সমর্থনে মিছিল করেন। সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন ও সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম রবির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা জেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। নড়াইলের লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সোহেল রানা লাক্সমীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পৌর সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন।
কুষ্টিয়া জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন কুষ্টিয়া – রাজবাড়ী মহাসড়কের কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে, একই সড়কের মন্ডল তেল পাম্প এলাকায় কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রদল, গড়াই সেতু এলাকায় কুষ্টিয়া জেলা যুবদল, দবির মোল্লা গেট এলাকায় কুষ্টিয়া জেলা কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথকভাবে অবস্থান নিয়ে মিছিল করে। কুষ্টিয়া – দৌলতপুর সড়কে বড়গাংদিয়া বাজার এলাকায় দৌলতপুর উপজেলা স্বেচছাসেবক দল, কুষ্টিয়া সদর উপজেলা উপজেলা বিএনপি,যুবদল ও ছাত্রদল, ভেড়ামারা উপজেলা শ্রমিক দল বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে মিছিল করে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন জেলা সদরের বিভিন্ন সড়কে, মেহেরপুর জেলা যুবদল ও ছাত্রদল জেলা সদরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে। মাগুরা জেলা কৃষক দল জেলা সদরের ওয়াপদা টু নাঙ্গলবাধ সড়কে, মাগুরার শ্রীপুর উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করে । এদিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনের সড়কে অবরোধের সমর্থনে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা হয়। মঙ্গলবার রাতেও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক-মহাসড়কে অবরোধের সমর্থনে মশাল মিছিল হয়।
বিএনপির ডাকা ৩৬ ঘন্টা অবরোধের শেষ দিনে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক-মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ ছিল।