তেহরানে লারিজানি ও বাসিজ প্রধানসহ নৌ-সেনাদের জানাজা সম্পন্ন; শোকার্ত মানুষের ঢল

0
আলী লারিজানিসহ আরও কয়েকজনের জানাজায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পাশাপাশি বিপুল পরিমাণ মানুষ অংশ নেন ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের জানাজা আজ বুধবার তেহরানে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি, বাসিজ প্রধান জেনারেল গোলামরেজা সোলেইমানি এবং শ্রীলঙ্কা উপকূলে নিহত নৌ-সেনাদের জানাজায় দেশটির সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।

গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় আলী লারিজানি তাঁর পুত্রসহ এবং পৃথক হামলায় বাসিজ প্রধান গোলামরেজা সোলেইমানি নিহত হন। মঙ্গলবার ইসরায়েল এই হত্যার দাবি করার পর ইরান তা নিশ্চিত করে। এছাড়া গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় ধ্বংস হওয়া ইরানি সামরিক জাহাজ ‘দেনা’-তে প্রাণ হারানো ৮৪ জন নৌ-সেনার কফিনও আজ জানাজায় উপস্থিত ছিল।

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, মঙ্গলবার দিবাগত রাতে এক বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। তবে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। কাৎজ আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার জন্য আগাম সবুজ সংকেত দিয়ে রেখেছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ একাধিক শীর্ষ নেতা নিহত হওয়ার পর থেকেই অঞ্চলটিতে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।