তিন কনস্টেবল ক্লোজড: যশোরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী রাজা আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ১০ ঘন্টা পর মাদক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজাকে ফের আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শহরের এম এম আলী রোড থেকে তাকে আটক করা হয়। এদিকে পুলিশের হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ায় কর্তব্যে অবহেলার অভিযোগে ৩ কনস্টেবলকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন শার্শা থানা পুলিশের ওসি বদরুল আলম খান। পুলিশ জানায়, শার্শা থানার মাদক মামলার আসামি পিচ্চি রাজা গত মঙ্গলবার দুপুরে পালিয়ে যাওয়ায় রাতে কনস্টেবল আব্দুল্লাহ তার বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. শাহিনুর রহমান রাত সাড়ে ১১ টার দিকে শহরের এম এম আলী রোডে অভিযান চালিয়ে তাকে আটক করেন। বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের একটি সূত্র জানায়, পিচ্চি রাজা শহরের খড়কি কলাবাগান এলাকার মুজিবর রহমানের ছেলে। তার মায়ের নাম শ্যামলী। পিচ্চি রাজা একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ অর্ধডজন মামলা রয়েছে। গত ২০ ডিসেম্বর সোমবার সকালে সে শার্শা উপজেলার দাউদখালীতে ইয়াবা ট্যাবলেটসহ বিজিবি’র হাতে আটক হয়। এ সময় সে তার নাম রাজু শেখ, পিতার নাম শেখ আকাশ হোসেন, মাতার নাম পারভীন বেগম ও ঠিকানা সদর উপজেলার তফসীডাঙ্গা পুলেরহাট বলে বিজিবিকে জানায়। কিন্তু পুরোটাই অসত্য। ইচ্ছাকৃতভাবে সে বিজিবিকে মিথ্যা তথ্য দেয় ওই মাদক মামলা থেকে রেহাই পেতে। গত মঙ্গলবার রাতে ফের আটকের পর ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার আসল নাম ঠিকানা প্রকাশ করে। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের গেট থেকে শার্শা থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়েছিলো পিচ্চি রাজা। কৌশলে হ্যান্ডকাপ খুলে সে পালিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে কনস্টেবল আব্দুল্লাহ (নম্বর ৪৪২), জাহিদুল ইসলাম (নম্বর ১২৩৩) ও ওজিবুর রহমান (নম্বর ১৯২৫) কে ক্লোজের আদেশ দেয় কর্তৃপক্ষ।