তারেক রহমানের সঙ্গে দেশে এল বিড়াল ‘জেবু’

0
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে পোষা বিড়াল জেবু ।। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গী হয়েছে তাঁর পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানের সঙ্গেই ঢাকায় পৌঁছায় বিড়ালটি।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বেলা ১২টার পর জেবুর দেশে ফেরার খবরটি নিশ্চিত করা হয়। সেখানে জেবুর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘দেশে ফিরেছে জেবু’। এর আগে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের সঙ্গে জেবুর ছবি ও ভিডিও নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল।

তারেক রহমানের পাশে পোষা বিড়াল ‘জেবু’ ।।ছবি: তারেক রহমানের ফেসবুক থেকে

বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তারেক রহমান বিড়ালটি প্রসঙ্গে জানিয়েছিলেন, “বিড়ালটি আমার মেয়ের (জাইমা রহমান), তবে ও এখন পরিবারের সবার প্রিয় হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে খুব আদর করি।”

উল্লেখ্য, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিনের নির্বাসন শেষে আজ বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমান ঢাকায় অবতরণ করেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে রওনা হয়েছেন। সংবর্ধনা শেষে তিনি হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।