তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

0
মীর আরশাদুল হক ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন ও নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

মীর আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মনোনীত প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সহ-সভাপতি।

পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গত ১০ মাসে এনসিপি ও এর নেতারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, “দল ভুল পথে আছে বলেই আমি মনে করি। এই ভুল পথে আমি চলতে পারি না।”

বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে এই ঘোষণা দিয়ে আরশাদুল জানান, তারেক রহমানের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ বিষয়ক ‘ক্লিয়ার ভিশন’ এবং ‘স্মার্ট অ্যাপ্রোচ’ তাকে আকৃষ্ট করেছে। তিনি বলেন, “দেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা ও সক্ষমতা এই মুহূর্তে কেবল তারেক রহমানই রাখেন।”

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতার প্রচেষ্টা নিয়ে দলের ভেতরে চলা বিরোধের জেরে এই পদত্যাগ হতে পারে। তবে আরশাদুল হকের দাবি, তিনি দেশের বৃহত্তর স্থিতিশীলতা ও জনকল্যাণের স্বার্থে তারেক রহমানের নেতৃত্বাধীন জোটকে সমর্থন করছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে তিনি ইতিমধ্যে পদত্যাগপত্র পাঠিয়েছেন।