তাপে পুড়ছে দেশের ২২ জেলা: তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস

0
তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন ।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীসহ দেশের ২২টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও বিস্তারের সম্ভাবনা রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগের সবকটি জেলাসহ টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সিনপটিক অবস্থা বিশ্লেষণে দেখা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজমান।

অন্যদিকে, আগামীকাল শনিবার সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও গরমের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।