তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল ফাইনালে নওয়াপাড়া ইউনিয়ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নওয়াপাড়া ইউনিয়ন ৩-০ গোলের বড় ব্যবধানে চুড়ামনকাটি ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে।

শুক্রবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বিজয়ী দলের পক্ষে সুমন দুটি এবং বাপ্পি একটি গোল করেন।

দুই দলের খেলোয়াড়দের বল দখলের লড়াইয়ের মধ্য দিয়ে খেলা শুরু হলেও প্রথমার্ধে আক্রমণগুলো মূলত মাঝমাঠেই সীমাবদ্ধ ছিল। উভয় দলের খেলোয়াড়রাই ডি-বক্সের কাছাকাছি গিয়ে ছন্দ হারাচ্ছিলেন।

খেলার ১৬ মিনিটে নওয়াপাড়া একটি কর্নার কিক লাভ করে। বাপ্পির কর্নার শটে সুমন হেড দিয়ে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন। এই গোলের ক্ষেত্রে চুড়ামনকাটির গোলরক্ষক ইমন হোসেনের কিছুটা ভুল ছিল, কারণ তিনি গোলপোস্ট ছেড়ে এগিয়ে এসেছিলেন। নওয়াপাড়া ইউনিয়ন ১-০ গোলের লিড নিয়ে মধ্যবিরতিতে যায়।

১-০ গোলে এগিয়ে থাকা নওয়াপাড়া দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়িয়ে দেয়। প্রথম পাঁচ মিনিটে একাধিক গোলের সুযোগ সৃষ্টি হলেও গোলের বারে লেগে তা নষ্ট হয়। তবে চুড়ামনকাটির গোলরক্ষক ইমন হোসেন এই সময়ে বেশ কয়েকটি জোরালো আক্রমণ প্রতিহত করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

খেলার ৪৫ মিনিটে নওয়াপাড়ার সুমনের শট সরাসরি চুড়ামনকাটির জালে জড়িয়ে যায় (২-০)। এরপর ম্যাচের ৫১ মিনিটে নওয়াপাড়ার পক্ষে বাপ্পি আরও একটি গোল করে দলকে ৩-০ গোলের বড় লিড এনে দেন।

খেলার বাকি সময় জুড়ে নওয়াপাড়া এই লিড ধরে রেখে ফাইনালে তাদের স্থান নিশ্চিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নওয়াপাড়ার জোড়া গোলদাতা সুমন। তার হাতে পুরস্কার তুলে দেন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া ব্যক্তিত্ব সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।

আগামীকাল রোববার একই ভেন্যুতে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে দুই প্রতিবেশী নওয়াপাড়া ইউনিয়ন ও উপশহর ইউনিয়ন।