আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু

0
ছবি: সংগৃহীত।

বিশেষ প্রতিনিধি ॥ আজ থেকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ দেশের সকল বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিগত যেকোনো সময়ের চেয়ে আরও গ্রহণযোগ্য, নকলমুক্ত ও মানসম্পন্ন পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন যশোর শিক্ষা বোর্ডের সচিব ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন।

পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে। চলতি বছর বোর্ডের অধীন ৫৭০টি কলেজের এক লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।

বোর্ড সূত্র জানায়, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ১৬ হাজার ৮০৯ জন। ফলে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ৩৬৮ জন।

সূত্রমতে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ১০ জেলায় অংশ নিতে যাওয়া ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত শিক্ষার্থী ৮০ হাজার ৩৬৫ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ৩৫ হাজার ৮৫৩ জন। অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে সব বিষয়ে পরীক্ষা দেবে ৪ হাজার ৭৩৩ জন এবং এক বা একাধিক বিষয়ে পরীক্ষা দেবে ৩১হাজার ১২০ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৬০ হাজার ১৮৯ জন এবং ছাত্রের সংখ্যা ৫৬ হাজার ৯৯৮ জন। অর্থাৎ, এ বছর ছাত্রের চেয়ে ৩ হাজার ২০১ জন ছাত্রী পরীক্ষার্থী বেশি।

এদিকে বোর্ডের ১০ জেলায় মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২২ হাজার ৭২৩ জন, মানবিক বিভাগে ৮১ হাজার ৯৬০ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ১২ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে যশোর জেলায় এবার মোট ৫২টি কেন্দ্রে ১১০টি কলেজের ১৯ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

যশোর জেলার পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪ হাজার ১৯৭ জন, মানবিক বিভাগে ১৩ হাজার ৮২৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৭৬৯ জন রয়েছে। এই জেলায় নিয়মিত পরীক্ষার্থী ১৪ হাজার ২৯৪ জন; যার মধ্যে ছাত্র ৯ হাজার ৬৬৪ জন এবং ছাত্রী ১০ হাজার ১২৭ জন।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ জানায়, গত বছরের মতো এ বছরও বোর্ডে মোট ২৪০টি কেন্দ্র রয়েছে। তবে গত বছরের ভেন্যু কেন্দ্রসহ মাগুরা জেলার ৪টি মিলিয়ে মোট ১০টি কেন্দ্র বাতিল করে নতুন ১০টি কেন্দ্র চালু করা হয়েছে।

এক সময় মাগুরায় শিক্ষার্থীর তুলনায় কেন্দ্র সংখ্যা বেশি ছিল, আবার অনেক জায়গায় প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও কেন্দ্র দেওয়া হয়নি। এর পেছনে বিগত সময়ের কোনো এক কর্মকর্তার অযাচিত হস্তক্ষেপ ছিল বলে জানা গেছে। এবার সেসব সমস্যা দূর করে ন্যায্যতার ভিত্তিতে কেন্দ্র স্থাপন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনো ভেন্যু কেন্দ্র রাখা হয়নি, এমনকি ঝিনাইদহ ক্যাডেট কলেজ কেন্দ্রটিও বাতিল করা হয়েছে।

সার্বিক বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন, “নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। পরীক্ষা হবে পরীক্ষার মতোই। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

তবে তিনি স্বীকার করেন, পরীক্ষার মাত্র এক সপ্তাহ আগে বোর্ডের প্রেষণে থাকা প্রায় সবকটি পদের পরিবর্তন হওয়াটা বোর্ডের প্রশাসনিক কার্যক্রমের জন্য অনেক বড় চাপের কারণ ছিল।