তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশের নির্দেশ

0
কুমিল্লার আলোচিত তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্য সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশনা দেওয়া হয়েছে।। ছবি: সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশনাও দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১) আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দিয়েছেন।

যাঁদের বিরুদ্ধে পরোয়ানা

গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তৎকালীন কুমিল্লা সেনানিবাসে ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে কর্মরত সার্জেন্ট জাহিদুজ্জামান ওরফে জাহিদ (৪৮) এবং ২ সিগন্যাল ব্যাটালিয়নে কর্মরত সৈনিক শাহীন আলমের (৩৭) বিরুদ্ধে। দুজনই বর্তমানে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত।

জাহিদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জের গড়ঘাটা এলাকায়। তনু হত্যাকাণ্ডের শুরু থেকেই পরিবারের অভিযোগ ছিল, পাশবিক নির্যাতন ও হত্যার নেতৃত্বে ছিলেন সার্জেন্ট জাহিদ।

শাহীনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামে। একটি সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

ডিএনএতে চারজনের নমুনা, নতুন তথ্য

তদন্তে নতুন তথ্য উঠে আসছে। তনুর পোশাক থেকে পাওয়া ডিএনএ পরীক্ষায় চারজনের নমুনা মিলেছে। আগের তিনজনের শুক্রাণু পাওয়ার তথ্য আগেই সামনে এসেছিল। নতুন করে চতুর্থ ব্যক্তির রক্তের নমুনা মিলেছে তনুর পোশাকে।

হাফিজুর রহমান কারাগারে

তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে (৫২) সোমবার আদালতে হাজির করা হয়। জামিন আবেদন না হওয়ায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম জানান, আদালতের আদেশের কপি হাতে পেলে বিস্তারিত জানাতে পারবেন।

২০১৬ সালের সেই রাতের ঘটনা

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাড়ি ফেরেননি তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তাঁর লাশ পাওয়া যায়।