তথ্যের গড়মিল পাওয়ায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

0
হলফনামার তথ্যে ভুল; ভোটের লড়াই থেকে আপাতত ছিটকে গেলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বড় ধরনের ধাক্কা খেল নাগরিক ঐক্য। হলফনামায় তথ্যের অসঙ্গতি ও স্বাক্ষরের তারিখ নিয়ে গরমিল থাকায় দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মান্নার হলফনামায় নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখ নিয়ে অস্পষ্টতা ও তথ্যের গরমিল থাকায় প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

একই আসনে প্রার্থিতা হারিয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। হলফনামার সাথে নির্ধারিত সম্পদ বিবরণী ফরম দাখিল না করায় তাঁর আবেদনটি বাতিল করা হয়। এছাড়া গণ অধিকার পরিষদের সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
যাচাই-বাছাই শেষে এই আসনে বৈধ প্রার্থী হিসেবে টিকে আছেন বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান এবং ইসলামী আন্দোলনের মো. জামাল উদ্দীন। হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিলের ফলে বগুড়া-২ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।