ঢাবিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা-ভাঙচুর, সাংবাদিকসহ আহত ১০

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করেছে ছাত্রলীগ। এতে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী ব্যান্ড ‘সিলসিলা’ ও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত ‘টিএসসিতে কাওয়ালী’ অনুষ্ঠানে এ হামলা করে ছাত্রলীগ।
জানা যায়, ঘটনাস্থলে কাওয়ালী গানের অনুষ্ঠানটি পূর্বনির্ধারিত ছিল। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দিলে শুরু হতে বিলম্ব ঘটে। এই সুযোগে ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে এবং মুহূর্তেই মঞ্চ ও সামনের চেয়ার ভাঙচুর করে। এসময় মোবাইলে ভিডিও ধারণ করতে গিয়ে মারাত্মকভাবে আহত হন দৈনিক আমার সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জালাল উদ্দীন। আয়োজকদের অভিযোগ, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ‘কাওয়ালী গানের আসর’ অনুষ্ঠানের সাউন্ড সিস্টেমের স্বত্বাধিকারী তৈয়বকে ফোন দিয়ে অনুষ্ঠান শুরুর আগেই সেখানে যেতে নিষেধ করেন। সাউন্ড সিস্টেমের মালিক তৈয়ব সেই বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
হামলার পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে সেøাগান দিয়ে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা পৌনে ৮টায়) প্রক্টর অফিসের সামনে অবস্থান করছিল। অভিযোগ অস্বীকার করে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আয়োজকরা নিজেরা উপদলে বিভক্ত হয়ে এই হামলা ঘটিয়েছে। এখানে নারীরা থাকবে কি থাকবে না? প্রকাশ্যে গান গাওয়া যাবে কিনা এসব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তিনি আরো বলেন, এই মহল কিছু ঘটলেই ছাত্রলীগকে দায়ী করে। তাদের উদ্দেশ্যে ছাত্রলীগকে হেয় করা। তিনি বর্তমানে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন বলেও গণমাধ্যমকে জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, কারা হামলা চালিয়েছে জানিনা। হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।