ঢাকার দুই মেট্রোরেল স্টেশনে ‘সন্দেহজনক ব্যাগ’: সাময়িকভাবে বন্ধ মিরপুর-১০ ও ফার্মগেট স্টেশন

0
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় এই সন্দেহজনক ব্যাগটি দেখতে পান সংশ্লিষ্টরা।। ছবি: সংগৃহীত
রাজধানীর ব্যস্ততম মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দুটি আলাদা ‘সন্দেহজনক ব্যাগ’ পাওয়া গেছে। নিরাপত্তাজনিত কারণে স্টেশন দুটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ট্রেন চলাচল অব্যাহত থাকলেও এই মুহূর্তে মেট্রোরেল ওই দুটি স্টেশনে থামছে না।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে ব্যাগ দুটি নজরে আসে দায়িত্বরতদের। খবর পেয়ে পুলিশ দ্রুত স্থান দুটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে স্টেশন চত্বর খালি করে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর-১০ নম্বর স্টেশনের দ্বিতীয় তলায় একটি পরিত্যক্ত ও সন্দেহজনক ব্যাগ দেখতে পান যাত্রীরা। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়।

ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায় সন্দেহজনক বস্তা।। ছবি: সংগৃহীত
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “মেট্রোরেল কর্তৃপক্ষ জানানোর পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।”
তিনি আরও যোগ করে বলেন, “ব্যাগটিতে বিস্ফোরক রয়েছে কিনা পরীক্ষা-নিরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে।”
অন্যদিকে, তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, “ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে সন্দেহজনক একটি বস্তা পাওয়া গেছে। সেটিও পরীক্ষা–নিরীক্ষা করতে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।”

ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ টিম ইতিমধ্যেই দুই স্থানে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা ও তল্লাশি অভিযান জোরদার করেছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত নিরাপত্তার স্বার্থে যাত্রীদের স্টেশন দুটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।