ঢাকার আলোচিত চাঁদাবাজি মামলার প্রধান আসামি মঈন নড়াইল থেকে আটক

0

রাজধানী ঢাকার একটি আলোচিত চাঁদাবাজি মামলার প্রধান আসামি মঈন উদ্দিনকে (৪২) আটক করেছেন যশোরের র‌্যাব সদস্যরা। সোমবার সকালে নড়াইলের কালিয়া উপজেলার দাদনতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, মঈন উদ্দিনসহ অন্যরা সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

আবু হানিফ তাদের চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা গত ১০ মার্চ সকালে তার শ্যামলীর বাসায় গিয়ে তাকেসহ পরিবারের লোকজনকে হুমকি প্রদান করেন। এ ঘটনায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করেন আবু হানিফ।

এই মামলা দায়েরের পর র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের কালিয়া উপজেলার দাদনতলা এলাকায় অভিযান চালায়।

এ সময় সেখান থেকে প্রধান আসামি মঈন উদ্দিনকে আটক করা হয়। পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।