ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলায় একযোগে এই কার্যক্রম অব্যাহত থাকবে।। ছবি: সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও সারা দেশে পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

আজ ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশজুড়ে অব্যাহত থাকবে। ঢাকায় প্রধান কর্মসূচির পাশাপাশি দেশের সকল জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একযোগে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই অভিযানের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটির’ আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সমাবেশে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।