গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

0
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়ে মিছিল ছত্রভঙ্গসহ ককটেল উদ্ধার ও ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশানের ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতা–কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিলের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে অংশগ্রহণকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনাটি ঘটার পরপরই ঘটনাস্থল থেকে আবদুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের কাছ থেকে পুলিশ পাঁচটি ককটেল উদ্ধার করে। পরবর্তীতে অভিযান চালিয়ে এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।