অবশেষে ঘর হলো শতবর্ষী সখিনার

0
ছবি: সংগৃহীত।

এমএ সবুর রানা, রামপাল (বাগেরহাট)॥ শতবর্ষ পার করা সখিনা বেগম দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ একটি ঘরে চরম ঝুঁকি নিয়ে বসবাস করছিলেন। তাই শেষ বয়সে এসেও মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন বুনছিলেন ওই বৃদ্ধা।

অবশেষে ১০১ বছর বয়সে এসে তার সেই স্বপ্ন পূরণ হলো। ইরামন ফাউন্ডেশন তাকে একটি নতুন টিনসেড ঘর তৈরি করে দিয়েছে।

স্থানীয়রা জানান, রামপাল উপজেলার মানিকনগর পশ্চিমপাড়ার বাসিন্দা সখিনা বেগমের জরাজীর্ণ ঘরের চিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে। বিষয়টি নজরে আসে সমাজসেবক আকবর হায়দার মুন্নার।

তিনি আশিক নামের এক ব্যক্তিকে সত্যতা যাচাইয়ের অনুরোধ জানান। এরপর বিষয়টি নিশ্চিত হয়ে বৃদ্ধার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় মানবসেবামূলক সংস্থা ইরামন ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে আকবর হায়দার মুন্না ঘর নির্মাণের সম্পূর্ণ খরচ বহনের আশ্বাস দেন।

স্থানীয় সাংবাদিক মেহেদী হাসানের তত্ত্বাবধানে গত ৯ আগস্ট শুরু হয় ঘর নির্মাণের কাজ। এক মাসের প্রচেষ্টায় গত ৯ সেপ্টেম্বর একটি নতুন ঘর হস্তান্তর করা হয় সখিনা বেগমকে। সে ঘরে ব্যবস্থা করা হয় ফ্যানের।

নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত বৃদ্ধা সখিনা বেগম বলেন, শেষ বয়সে এসে ভাঙ্গা ঘরে ভিজে ভিজে দিন কাটাতে হতো। এখন নতুন ঘর পেয়ে শান্তিতে ঘুমাতে পারবো। তিনি ঘর নির্মাণে সহায়তাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাদের জন্যে দোয়া করেন।