ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোরে প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

0
প্রধানমন্ত্রীর নির্দেশনায় যশোরে পরিচ্ছন্নতা কার্যক্রম ।। ছবি: লোকসমাজ

ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে যশোর পৌর সদরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে যশোর ইনস্টিটিউট পুকুর প্রাঙ্গণ থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী অমিত বলেন, আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ বৃদ্ধি পায়। এ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহের শনিবার সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই উদ্যোগ।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা যদি বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে পারি, তাহলে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ অনেক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব।” তিনি এই অভিযানকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।

যশোর ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় পরিচালিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ।